ইসলামপুরঃ পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে ইসলামপুর পঞ্চায়েত এলাকায় সোলার চালিত পাণীয় জলের নলকুপ বসানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য। প্রধানের স্বামীর দাবি আলোচনা করেই স্কুলের মাঠে এই নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে। উন্নয়নকে বাধা দিতেই বিরোধীদের এই চক্রান্ত বলে তিনি অভিযোগ করেছেন।
উল্লেখ্য, ইসলামপুর ষ্টেট ফার্ম কলোণীর বেসিক জুনিয়র স্কুল মাঠে সোলার চালিত পাণীয় জলের নলকূপ বসানোর কাজ শুরু করেছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিজেপি সদস্য সাধন দাস। তার অভিযোগ, ওই এলাকা তার সংসদ হলেও স্কুল মাঠে সরকারিভাবে নলকূপ বসানোর বিষয়ে তাকে অন্ধকারেই রাখা হয়েছে। বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনিও সদুত্তর দেন নি। বাধ্য হয়েই তিনি প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অভিজিৎ পাল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।তার পালটা অভিযোগ, উন্নয়নে বাধা দিতেই গ্রাম পঞ্চায়েত সদস্যের এই ধরণের পদক্ষেপ। নিয়ম মেনে উন্নয়ন হচ্ছে।
