|| ভুকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ, রায়গঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভুত || উৎসস্থল কোথায়? আরও জানুন বিস্তারিত
ভারত টিভি ডিজিটাল: রবিবার রাতে তীব্র ভূমিকম্পে একবার কেঁপে উঠল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ সমগ্র উত্তরাঞ্চলে যথেষ্ট অনুভূত হয়েছে এই কম্পন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৩।
রবিবার রাত ১১টা ৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎই ঘরবাড়ি, আসবাবপত্র ও মাটি কেঁপে উঠতে শুরু করে। অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসেন।
ভূতাত্ত্বিক তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভুটানের পুনাখায় হওয়ায় উত্তরবঙ্গ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, নেপাল, ভুটান, চীনের সীমান্তবর্তী এলাকা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলেও এর প্রভাব পড়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো অস্বাভাবিক ঘটনার খবর মেলেনি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে প্লেট টেকটোনিক অ্যাকটিভিটির কারণে মাঝে মাঝেই ছোট-বড় কম্পন অনুভূত হয়। তবে ৫.৩ মাত্রার এই ভূমিকম্পকে তুলনামূলকভাবে মাঝারি বলে মনে করা হচ্ছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।
প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পুরনো বাড়িঘরে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিকম্প-পরবর্তী আফটারশকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর না পাওয়ায় স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গে।