সড়ক পথে মুখ্যমন্ত্রী
বালুরঘাটের আগে
রায়গঞ্জ, কালিয়াগঞ্জ দিয়ে যাবেন শুভেন্দু
ভারত টিভি ডিজিটাল: আবহাওয়ার কারণে বদলাতে হল সফরের পরিকল্পনা। হেলিকপ্টারে বালুরঘাটে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সড়কপথেই দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পূর্ণিয়ায় অবতরণ করার পর সেখান থেকেই সড়কপথে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ফলে রায়গঞ্জের উপর দিয়েই সড়কপথে বালুরঘাটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসছেন শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে ঘিরে ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি—প্রতিটি ক্ষেত্রেই তৎপর প্রশাসন। সফর নির্বিঘ্ন করতে রাস্তাঘাট, নিরাপত্তা বলয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বালুরঘাট পুলিশ সুপার কার্যালয়ের ঠিক সামনেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন ও পুলিশের আধিকারিকরা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বালুরঘাটে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। জেলা প্রশাসন থেকে পুলিশ—সকলেই ব্যস্ত মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে।
