ভারত টিভি ডিজিটালঃ দীর্ঘ সংঘাতের পর এবার উপাচার্য বদল হতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক দীপক কুমার রায় এতদিন উপাচার্যের দায়িত্বে ছিলেন। রাজ্যপাল মনোনিত উপাচার্যের সঙ্গে সরাসরি লাগাতার সংঘাতে গিয়েছিল শাসক দল। তৃণমুল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে দীর্ঘ আন্দোলন হয়েছিলো। কিন্তু এবার কি অচলাবস্থা ফিরবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে? এটাই বড় প্রশ্ন।
এবার কি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল! দায়িত্বে থাকা উপাচার্য দীপক কুমার রায়ের বদলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের অধ্যাপক ডঃ অর্ণব সেনকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিযুক্ত করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সুত্রের খবর, রাজ্য রাজ্যপাল সংঘাতের আঁচ পড়েছিলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও। উপাচার্য বনাম শাসক দ্বৈরথে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিলো। প্রভাব পড়েছিলো পঠন পাঠনেও।
অন্যদিকে সুপ্রিম নির্দেশে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য পরিবর্তন হলেও রায়গঞ্জ সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদল স্থগিত ছিলো। এবারে ১৯, ২০ ও ২১ শে আগষ্ট আচার্য্য তথা রাজ্যপাল নতুন উপাচার্যদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেন বলে সুত্রের খবর। আর আজ ২১ তারিখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে নিযুক্ত করা হয়েছে বলে সুত্রের খবর।
