খসড়া ভোটার তালিকা ঘিরে উত্তর দিনাজপুরে রাজনৈতিক উত্তাপ
কংগ্রেসের ‘হারানো জমি ফেরানোর’ দাবি, পাল্টা সওয়াল তৃণমূল ও বিজেপির
ভারত টিভি ডিজিটাল ডেস্ক-রায়গঞ্জ: খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উত্তর দিনাজপুর জেলায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ও চাপানউতোর। প্রায় দেড় লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় শাসক তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামবে বলে দাবি করছে জেলা কংগ্রেস নেতৃত্ব। সেই সুযোগে কংগ্রেস আবারও জেলার হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করবে বলেই আশাবাদী দলীয় নেতৃত্ব।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন – 03523-451247
মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা শাসকের কার্যালয়ে Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সংক্রান্ত এক সর্বদলীয় বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরহিত্য করেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুরেন্দ্র কুমার মীনা। বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস নেতা লিয়াকত আলী বলেন, খসড়া ভোটার তালিকায় যে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে, তার সিংহভাগই তৃণমূল কংগ্রেসের সমর্থক। তাঁর দাবি, “এই তালিকা থেকেই পরিষ্কার, শাসক দলের ভোটব্যাঙ্ক ভেঙে পড়ছে। উত্তর দিনাজপুরে কংগ্রেস আবার নিজের পুরনো শক্ত ঘাঁটি ফিরে পাবে।” তিনি আরও জানান, প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেই বিষয়েও কংগ্রেস কড়া নজরদারি চালাবে।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন – 03523-451247
অন্যদিকে, খসড়া তালিকা নিয়ে পিছিয়ে নেই বিজেপিও। বৈঠক শেষে বিজেপি নেতা গৌতম দাস বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই হচ্ছে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে তালিকায় থাকা ভুয়ো ও অযোগ্য নাম বাদ পড়ছে বলেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তবে কংগ্রেস ও বিজেপির অভিযোগ ও দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, এর সঙ্গে কোনও দলের রাজনৈতিক লাভ-ক্ষতির প্রশ্ন জড়িত নয়। দলের তরফে জানানো হয়েছে, প্রকৃত ভোটারদের নাম যাতে কোনওভাবেই বাদ না পড়ে, সে বিষয়ে দলীয় কর্মীরা মাঠে নেমে কাজ করছে।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন – 03523-451247
জেলা তৃণমুল নেতৃত্বের বক্তব্য “ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের নিয়ম মেনেই হচ্ছে। কার ভোটব্যাঙ্ক ভাঙল, কে লাভবান হবে—এই ধরনের কথা এখন বলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এবং প্রকৃত ভোটারদের নাম নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গেও সহযোগিতা করছি।”
খসড়া ভোটার তালিকাকে ঘিরে একদিকে যেমন রাজনৈতিক তরজা বাড়ছে, তেমনই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই সংশোধন প্রক্রিয়া কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
