ভারত টিভি ডিজিটালঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা রক্ষায় কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হল প্রশাসন। রাস্তা-ঘাট ও জনবহুল এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলা এবং থুতু ফেলার প্রবণতা রুখতে কঠোর আইন কার্যকরের ঘোষণা করা হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানা ধার্য করা হবে।
প্রাথমিকভাবে আগামী তিন মাস বিভিন্ন সরকারি দফতরের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা অভিযান চালানো হবে। এরপর ধাপে ধাপে রাজ্যজুড়ে এই আইন পুরোপুরি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন ও সাধারণ মানুষ। তাঁদের মতে, এই পদক্ষেপ শহর ও জনপদকে আরও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মণ্ডল বলেন, “এই ধরনের উদ্যোগ দীর্ঘদিন ধরে প্রয়োজন ছিল। এতে মানুষ আরও সচেতন হবে এবং শহর পরিচ্ছন্ন থাকবে।”
বালুরঘাটের বাসিন্দা দেবাশীষ অধিকারী জানান, “নতুন এই নিয়ম কার্যকর হলে শহরের পরিবেশ অনেকটাই বদলে যাবে। প্রশাসনের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।”
সব মিলিয়ে বালুরঘাটে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
