ভারত টিভি ডিজিটালঃ সারা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও শুরু হল এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি ভার্চুয়ালি এই কর্মসূচীর শুভ সূচনা করেন। স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুরু হওয়া এই টিকাকরণ কর্মসূচীকে ঘিরে বিভিন্ন জেলায় দেখা যায় উৎসাহ ও সক্রিয়তা।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক। কর্মসূচীর সূচনায় তারা টিকাকরণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালেও একইভাবে এই টিকাকরণ কর্মসূচীর সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমা শাসক বিকাশ রোহেলা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কর্মসূচীর মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় টিকাকরণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
উত্তরবঙ্গ জুড়ে একযোগে শুরু হওয়া এই এইচপিভি টিকাকরণ কর্মসূচী আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে বলেই মনে করছে স্বাস্থ্য দফতর।
