বালুরঘাট: রাজ্যে নতুন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। যত্রতত্র আবর্জনা ফেলা ও রাস্তাঘাট কিংবা জনবহুল স্থানে থুতু ফেলা রোধে সরকারিভাবে জরিমানার ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বালুরঘাটেও শুরু হয়েছে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী তিন মাস ধরে বিভিন্ন সরকারি দফতরের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ প্রচার অভিযান চালানো হবে। এই প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হবে এবং নিয়ম ভাঙলে কী ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে, তা জানানো হবে। এরপর রাজ্যজুড়ে এই আইন কঠোরভাবে কার্যকর করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষও। তাঁদের মতে, শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।
পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, “এই সিদ্ধান্ত পরিবেশ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। সঠিকভাবে কার্যকর করা গেলে শহরের চেহারা অনেকটাই বদলে যাবে।”
অন্যদিকে, বালুরঘাটের বাসিন্দা দেবাশীষ অধিকারী জানান, “আমরা সবাই চাই আমাদের শহর পরিষ্কার থাকুক। সরকারের এই উদ্যোগকে আমরা সমর্থন করি, তবে সবার আগে মানুষের মানসিকতার পরিবর্তন দরকার।”
সব মিলিয়ে ‘Clean City’ উদ্যোগকে কেন্দ্র করে বালুরঘাটে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা, যেখানে পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে এগিয়ে আসছে।
