শিলিগুড়ির খড়িবাড়ি থানার অন্তর্গত ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে দুই থাইল্যান্ডের মহিলাকে আটক করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত জুড়ে। সীমান্তে নজরদারির দায়িত্বে থাকা এসএসবি জওয়ানরা সন্দেহজনক অবস্থায় তাঁদের আটক করে পরে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।
সূত্রের খবর, একটি ছোট চার চাকার গাড়িতে করে ওই দুই বিদেশি মহিলা ভদ্রপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিয়মিত তল্লাশির সময় তাঁদের গতিবিধি এবং নথিপত্রে অসঙ্গতি লক্ষ্য করেন এসএসবি জওয়ানরা। এরপরই তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক উত্তর না মেলায় তাঁদের আটক করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর খড়িবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে গাড়ির চালককেও গ্রেফতার করে। ধৃত চালকের নাম কুলদীপ শর্মা বলে জানা গেছে। পুলিশ ওই ছোট চার চাকার গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক দুই থাইল্যান্ডের মহিলার সঙ্গে আরও একজন ব্যক্তি থাকার সম্ভাবনা রয়েছে, যিনি বর্তমানে পলাতক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালতে পেশ করার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, বিদেশি নাগরিকদের সন্দেহজনক চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের মধ্যে। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
