রাজ্য মন্ত্রিসভায় স্থান পেলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রায়গঞ্জ জুড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকার একজন জনপ্রতিনিধি মন্ত্রী হওয়ায় এবার রায়গঞ্জের সার্বিক উন্নয়নের গতি আরও বাড়বে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত রায়গঞ্জবাসী এখন নতুন আশার আলো দেখছেন। রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। মন্ত্রীসভায় কৌশিক চৌধুরীর অন্তর্ভুক্তি এই প্রত্যাশাকে আরও জোরালো করেছে।
এদিন রায়গঞ্জের বাসিন্দারা তাঁদের প্রতিক্রিয়ায় জানান, “আমরা খুবই খুশি। আমাদের বিধায়ক মন্ত্রী হওয়ায় এলাকার উন্নয়ন এবার নিশ্চিত হবে।” বিজেপি কর্মী আনন্দ মোহন সরকার ও ভাবন চন্দ্র সাহাও একই সুরে বলেন, এই সিদ্ধান্ত রায়গঞ্জের জন্য অত্যন্ত ইতিবাচক এবং এর ফলে আগামী দিনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সব মিলিয়ে, কৌশিক চৌধুরীর মন্ত্রীসভায় অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে রায়গঞ্জে উৎসবের আবহ তৈরি হয়েছে এবং উন্নয়নের প্রত্যাশায় দিন গুনছেন আপামর রায়গঞ্জবাসী।
