আধার কার্ড সংশোধনকে কেন্দ্র করে চরম ভোগান্তির অভিযোগ উঠল কালিয়াগঞ্জ পোস্ট অফিসে। প্রতিদিন ভোর থেকে পোস্ট অফিসের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন বহু মানুষ, কিন্তু শেষ পর্যন্ত কাজ না হয়েই ফিরে যেতে হচ্ছে অনেককেই।
স্থানীয় সূত্রে জানা যায়, আধার কার্ডের বিভিন্ন তথ্য সংশোধনের জন্য দূরদূরান্ত থেকে মানুষ কালিয়াগঞ্জ পোস্ট অফিসে ভিড় করছেন। বাড়ির দৈনন্দিন কাজকর্ম ফেলে মহিলা ও পুরুষ—উভয়েই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়ছেন।
কিন্তু তীব্র রৌদ্রের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার পর পোস্ট অফিস খোলার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হচ্ছে, প্রতিদিন মাত্র ৪০ জন গ্রাহকের আধার সংশোধনের কাজ করা হবে।
এই ঘোষণার পরই লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, এত দূর থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর যদি কাজ না হয়, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
অনেকেই জানান, আগের দিন থেকেই এসে লাইনে দাঁড়ানোর চেষ্টা করলেও পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা রূপ নারায়ন দাস বলেন, “ভোর থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি। এতক্ষণ পর শুনতে হচ্ছে আজ আর হবে না। তাহলে আমাদের সময়ের মূল্য কোথায়?”একইভাবে মামুনি রায় ও রিনা রায়-সহ আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
ফলে প্রতিদিনই বহু মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরছেন। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান এবং আধার সংশোধনের জন্য পর্যাপ্ত কাউন্টার বা দিনের সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয়রা।
