শিলিগুড়িঃ লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন পর্যন্ত চলবে।” এদিন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পেরও ঘোষণা করেন তিনি।
এদিন মমতার সাফ কথা, “অনেকে অনেক কথা বলে। এত দেব, অত দেব। দাওনি কেন এতদিন ? বাঘে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ ? লক্ষ্মীর ভান্ডার সারাজীবন চলবে। এটা মেয়েদের সম্মান, মা-বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি। মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে। ভোটের পরে ভুলে যায়। আমরা করি না । আমরা যা বলি, আমরা সেটা করি।”
২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। যার ফল রাজনৈতিকভাবে পরপর কয়েকটি নির্বাচনে যথেষ্ট ফায়দা দিয়েছিলো ঘাসফুল শিবিরকে। এবারেও ২৬ এর আগে মমতার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরণ, যা আবারো শাসককে আলাদা অক্সিজেন দেয়, নাকি এর কোনো অন্য প্রভাব পড়বে তা সময়ই বলবে।
