ভারত টিভি ডিজিটালঃ শিলিগুড়ির মাটিগাড়ায় তৈরি হল হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি
শিলিগুড়ি: রাজ্যের অন্যান্য জেলার মতো এবার শিলিগুড়ির মাটিগাড়াতেও তৈরি করা হল একটি হোল্ডিং সেন্টার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের এই হোল্ডিং সেন্টারে রাখা এবং পরবর্তীতে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যেই এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। প্রশাসনের এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় নজরদারি ও তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, সরকারের এই নির্দেশ কার্যকর হওয়ার পর থেকেই অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন বলে কিছু মহল থেকে দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
এদিকে, মাটিগাড়ার বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,
বাইট… আনন্দময় বর্মন (বিজেপি বিধায়ক):
“সরকারের নির্দেশ অনুযায়ী যদি কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকে, তাদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখা উচিত। এরপর আইন মেনে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও যদি কোনও অনুপ্রবেশকারী ধরা পড়ে, তবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় মাটিগাড়া এলাকায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। প্রশাসন পুরো বিষয়টি নজরদারিতে রেখেছে বলে জানা গিয়েছে।
